বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এ সিদ্ধান্ত পরে নেব। কারণ এ দেশে মামলা করে কোনো লাভ হয় না। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সার্চ কমিটিকে মানি না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে কারো নাম দেব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে।
মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে আগামী কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলকে নতুনভাবে সাজানো হচ্ছে। খুব দ্রুত অঙ্গসংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।