বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে। তারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে ও এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছে। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করছেন।
অগণিত মানুষকে মামলা দেওয়া হয়েছে। এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এটা থেকে রক্ষা পেতে তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে গণঅভ্যুত্থান সৃষ্টি করব।
তিনি বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য ১৯৫২ সালে জব্বার, রফিক, সালাম, বরকতসহ অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা আর কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ ব্যবস্থার।