রাজধানীর চকবাজার সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে টাওয়ারের নিচ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ৬ষ্ঠ তলা ভবনটির নিচ তলায় কয়েকটি দোকান আর দ্বিতীয় তলা থেকে ওপরের ফ্লোরে আবাসিক বসবাস। আগুন লাগার পর বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কেউ নিচে, কেউ ছাদে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোন হতাহতের ঘটনা না ঘটলেও তিনটি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে টাওয়ারের নিচ তলার একটি দোকান থেকে আগুন ধরে। প্রথমে ধোঁয়া বের হতে থাকে। এরপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। ততক্ষনে আগুনের মাত্রা আরও বেড়ে যায়। আগুনের খবরে ভবনটিতে বসবাসরত বাসিন্দারা আতঙ্কে নিচে নেমে আসেন। অনেকে ধোঁয়ার কারণে বের হতে না পেরে ছাদে গিয়ে আশ্রয় নেন।
আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্যে আব্দুল্লাহ ফার্মেসি, আলাউদ্দিন ব্যাগ হাউজ এবং আরেকটি মদি দোকান। ৪০-৪১ সার্কুলার রোডে অবস্থিত বাদশা ম্যানশনের এসব দোকানের প্রায় মালামাল পুড়ে গেছে।
আব্দুল্লাহ ফার্মেসির মালিক মুক্তার জানান, যখন আগুন লাগে তখন মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। তবে কেউ কেউ দোকান খুলছিলেন। এসময় হঠাৎ দেখতে পান ভেতর থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। আগুনে তার দোকানেও ছড়িয়ে পড়ে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
একই দাবি করেছেন আলাউদ্দিন ব্যাগ হাউজের মালিক আলাউদ্দিন। তার দোকান থেকেও আগুন লাগেনি বলে দাবি তার। তিনি বলেন, তার দোকানে স্কুল ও কলেজ ব্যাগ, বেবি ব্যাগ ও লেডিস ব্যাগ বিক্রি হতো। চায়না এসব ব্যাগ প্রাইকারী ও খুচরা বিক্রি করা হতো। আগুনে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভবনটিতে বসবাস করা একাধিক বাসিন্দা জানান, মালিক নিচ তলায় দোকান করে ভাড়া দিয়েছেন। দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নেন। একটি আবাসিক ভবনে এভাবে দোকান না রাখার দাবি জানান তারা।
ফায়ার সার্ভিসের ডিডি (জোন-১) ফয়সালুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে কোন দোকান থেকে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।