ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

শাহ্ আলী মাজারের মূল প্রাঙ্গণে বাজার, চাঁদাবাজির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

ads

রাজধানীর মিরপুরের হযরত শাহ্ আলী বাগদাদী (রঃ) মাজার শরীফ কমপ্লেক্সের একাধিক অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে মাজার কম্পাউন্ডের মূল প্রাঙ্গণ দখল করে রাত্রিকালীন কাঁচাবাজার বসিয়ে বেশুমার চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে । ফলে বাংলাদেশের ইসলামের ইতিহাসে বহুল তাৎপর্যপূর্ণ অংশবিশেষ, আন্তর্জাতিক ঐতিহ্যসমৃদ্ধ জাতীয় এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য,পবিত্রতা, সৌন্দর্য, ভাবগাম্ভীর্য ও তাৎপর্য আজ বিলুপ্তির পথে।


স্থানীয়রা জানান,, মহান তাপসপ্রবর সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রঃ) সুদূর ইরাক হতে এদেশে ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এসে একপর্যায়ে রাজধানীর মিরপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালের বিবর্তনে তার নামেই প্রতিষ্ঠা লাভ করেছে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসমৃদ্ধ আজকের বিশালাকার এই হযরত শাহ্ আলী (রঃ) মাজার শরীফ কমপ্লেক্স। দেশ দেশান্তর থেকে নানান শ্রেনী পেশার লাখো লাখো ধর্মভীরু মানুষ প্রতিনিয়ত মাজার শরীফ জেয়ারত করতে এসে এর ভাবগাম্ভীর্যে মুগ্ধ হতেন। সপ্তাহের প্রতি বৃহঃবার বিভিন্ন পীর মাশায়েখগণ তাদের ভক্তবৃন্দ শিষ্যসামন্তসহ দলবদ্ধ হয়ে তরিকতের শিক্ষা গ্রহণ করতেই এখানে সমবেত হতেন। দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা হাজার হাজার জেয়ারতকারীগণের কাফেলায় আবাল, বৃদ্ধ,নারী-শিশুসহ সকল বয়সের বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে বাহারি রকমের আসন পেতে রংবেরঙের মোমবাতি জ্বালিয়ে জিকির-আসকার, মিলাদ মাহফিল,ভক্তিমূলক গানবাজনায় মশগুল হয়ে রাত্রিযাপন করে ভোরবেলা ফিরে যেতেন।


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ,এই মাজার শরীফের পবিত্রতা ও গুরুত্ব অপরিসীম। করোনা মহামারীর শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার পর মাজার শরীফ কমপ্লেক্সে সকল রকম জনসমাগম, গানবাজনা, এমনকি কোন জিয়ারতী কিংবা দর্শনার্থীদের প্রবেশ ও অবস্থান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উল্টো মাজার শরীফের গুরুত্ব,ইতিহাস-ঐতিহ্য ও ভাবগাম্ভীর্যকে ভূলুন্ঠিত করে মাজার শরীফ কমপ্লেক্সর মূল প্রাঙ্গণ জুড়ে একটি অর্থলোভী স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে বসিয়েছে রাত্রকালীন বিশাল কাঁচাবাজার।


বিষয়টির সত্যতা জানতে কাক ডাকা ভোরে সরেজমীনে মিরপুরের হযরত শাহ্ আলী বাগদাদী (রঃ) মাজার শরীফের মূল ফটকে গিয়ে দেখা গেলো,মাজার শরীফের মূল গেট দিয়ে অসংখ্য ভ্যান,রিকশা,অটোরিকশা মাজার শরীফ কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর নানা রকম কাঁচা শাকসবজি বোঝাই করে নিয়ে ফিরে যাচ্ছে। আরো একটু এগিয়ে মাজার শরীফ কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতেই দেখা গেলো, মাজার শরীফের মূল কম্পাউন্ডের ভেতরে প্রশাসনিক ভবনের পেছনের বিশালাকার মাঠটি জুড়ে অসংখ্য ভ্যান,রিকশা, অটোরিকশা পার্কিং করে বিভিন্ন কাঁচাসবজি সাজিয়ে গাড়িতে তুলছেন খুচরা ব্যবসায়ীরা।


তবে এবার চোখে পড়লো ভিন্ন কিছু। গাড়ি ভর্তি কাঁচা শাকসবজি নিয়ে বের হওয়ার সময় মাজার শরীফের প্রশাসনিক ভবনের দেয়াল ঘেঁষে টুল চেয়ার পেতে বসে থাকা বেশ কয়েকজন ব্যাক্তি প্রতিটি গাড়িচালকদের হাতে একটি রশিদ ধরিয়ে দিয়ে ২০ টাকা হারে আদায় করছেন। মাজারের পেছনের গেট অর্থাৎ মূল কাঁচাবাজারের আড়তের পাশের গেটটিও খোলা রেখে রিকশা, ভ্যান, অটোরিকশা প্রবেশ করিয়ে একইভাবে চাঁদা আদায়ে আরো কয়েকজন ব্যাক্তির ব্যস্ততার চিত্রও চোখে পড়লো।


পাইকপাড়া এলাকা থেকে ভ্যানযোগে কাঁচামাল কিনতে আসা আব্দুর রশিদ মিয়া জানান,তিনি একজন খুচরা কাঁচাসবজি ব্যবসায়ী। পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার ও আশপাশের পাড়া-মহল্লায় ভ্যানযোগে কাঁচামাল ফেরী করে বিক্রি করেন তিনি। ফলে প্রতিদিনই এই আড়তে কাঁচামাল কিনতে আসেন তিনি। এখানে যতবারই ভ্যান নিয়ে আসেন,ততবারই বিশ টাকা দিতে হয়। এখানকার প্রতিদিনের নিয়মিত চিত্র এটি।


এসময় নির্ধারিত রশিদের বিনিময়ে এসকল রিকশা,অটোরিকশা,ভ্যানচালকদের নিকট থেকে বিশ টাকা হারে আদায়কারী এক ব্যাক্তির নিকট এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন,ডিএনসিসির স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম ভাই মাজার পরিচালনা কমিটির কাছ থেকে এই মাঠ টেন্ডার নিয়েছেন। আমরা তার নিজস্ব লোকজন হিসেবে দৈনিক ৫০০ টাকা হাজিরার বিনিময়ে রাত আনুমানিক ২ টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত কাজ করি। এক্ষেত্রে বাজারে প্রবেশকারী যানবাহনের প্রকারভেদ অনুসারে নির্ধারিত রশিদের মাধ্যমে যেমন, রিকশা,ভ্যান,অটোরিকশা থেকে বিশ টাকা,মাঝারি যানবাহন থেকে পঞ্চাশ টাকা এবং বৃহৎ ট্রাক কিংবা লড়ি থেকে একশ পঞ্চাশ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এর থেকে বেশিকিছু আমি জানিনা।


এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর ফলবাজার আড়ত মালিক সমিতির এক ব্যবসায়ী বলেন,বৃহত্তর মিরপুর কাঁচাবাজার আড়তকেন্দ্রীক স্থানীয় কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুমের প্রকাশ্য চাঁদাবাজির ঘটনা নতুন নয়। বিভিন্ন জেলা থেকে আমাদের কাঁচামাল বহনকারী ট্রাক,মিনি ট্রাক বাজারের মূল সড়কে প্রবেশ করলেই ১০০/১৫০ টাকা দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই টাকা নিয়ে কোনো রশিদ দেয়া হয়না। এর আগে, কাউন্সিলর মাসুমের নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে গত ২০২১ সালের ১৮ এপ্রিল বৃহত্তর মিরপুর কাঁচাবাজার ও ফলবাজারের শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল মিরপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে । ঘটনাটিকে কেন্দ্র করে মারামারি, হানাহানি এমনকি থানা পুলিশ পর্যন্ত গড়ায়।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, ওই সময় কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তার বিচারের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিলটি স্থানীয় রাজনৈতিক মহলে চরম নেতিবাচক প্রভাব ফেলেছিলো। ফলে গত ২০২১ সালের ৫ জুন প্রধানমন্ত্রীর নির্দেশে টালী কোম্পানির কনভেনশন হলে দারুসসালাম থানা আ'লীগ আয়োজিত তৃণমূলদের নিয়ে "করোনাকালীন সময়ে করণীয় ও সতর্কতা শীর্ষক" এক আলোচনা সভায় কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম উপস্থিত হলে সেখানেও তাকে কটাক্ষ ও তিরস্কার করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ। প্রকাশ্য চাঁদাবাজি ও স্থানীয় রাজনৈতিক ভাবমূর্তি বিনষ্টের পাল্টাপাল্টি অভিযোগ তুলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুজিব সরোয়ার মাসুম সমর্থকগণ বিপরীতমুখী অবস্থান গ্রহণ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সভায় উপস্থিত দারুসসালাম থানা আ'লীগের শীর্ষ নেতারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে মঞ্চে প্রতিবাদ মূলক বক্তব্য দেন। বিষয়টিকে কেন্দ্র করে একাধিক গ্রুপের মধ্যে ধারাবাহিক ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হানাহানিই শুধু নয়;বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়।


অপর এক ব্যবসায়ী জানান,এরপর পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বৃহত্তর মিরপুর কাঁচাবাজার আড়ত ও বাজারে সাময়িকভাবে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ ছিলো। কিন্ত কিছুদিন যেতে না যেতেই "যেই লাউ সেই কদু" অবস্থায় ফিরে এসেছে।


কাঁচাবাজারে বেশুমার চাঁদাবাজির ঘটনার সত্যতা স্বীকার করে ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম বলেন, এবিষয়ে জানতে চাইলে আপনারা বৃহত্তর মিরপুর কাঁচাবাজার ও ফলবাজার আড়ৎ পরিচালনায় যারা সংশ্লিষ্ট তাদের কাছে যান। তারাই বাজারের বেশুমার চাঁদাবাজির বিপুল পরিমাণ কাঁচা টকাপয়সা নাড়াচাড়া-লেনদেন করে। ছেলেপেলে সারারাত খেটেখুটে মাজারের ভেতরের মাঠে প্রবেশ করা ভ্যানগাড়ি ওয়ালাদের কাছ থেকে মাত্র ২০ টাকা হারে আদায় করে। বিনিময়ে মাজার শরীফকে মাসে দুই লাখ ১০ হাজার টাকা দেয়।


এবিষয়ে শাহর আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, এধরনের কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page