ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

মিরপুরে বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ: বছরে ১০ কোটি টাকা লোপাট

ads

সম্প্রতি বিদ্যুৎ সংকটে ভুগছে গোটা দেশ। বিদ্যুতের ঘাটতি পূরণ করতে রাজধানীসহ গোটা দেশে এলাকাভিত্তিক দু'ঘন্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত গ্রঃন করেছে সরকার। এমনকি বিদ্যুতের দাম বাড়ানো হবে বলেও আলোচনা চলছে।


অপরদিকে, রাজধানীর মিরপুরস্থ জনবহুল কল্যানপুর নতুন বাজার পোড়া বস্তিতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) কিছু অসৎ কর্মকরতা-কর্মচারীর প্রত্যক্ষ মদদ ও যোগসাজসে, অভিনব কায়দায়, অত্যন্ত ঝুকিপূর্ণ, অবৈধ বিদ্যুৎ সংযোগের  বিনিময়ে বস্তির সাধারন ও অসহায় প্রায় আড়াই হাজার পরিবারের নিকট থেকে  দৈনিক,সাপ্তাহিক ও মাসিক নির্ধারিত বিল বাবদ অর্থ আদায়ের মাধ্যমে বছরে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।


একইভাবে মিরপুরের রূপনগর বস্তি,  ভাষানটেক বস্তি,গোদারাঘাট বস্তিসহ বেশ কয়েকটি বড় বস্তসিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে বছরে ১০ কোটিরও অধিক টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক প্রভাবশালী চিহ্নিত মহল। 


বিদ্যুৎ আধুনিক সভ্যতার প্রধান চালিকাশক্তি ও আমাদের নিত্য দিনের সহোচর । কিন্ত বাংলাদেশ প্রতিনিয়তই সম্মুখীন হচ্ছে বিদ্যুৎ সংকটের। যার ফলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন মারাত্মকভাবে পিছিয়ে যাচ্ছে। দেশে উত্থাপিত অর্থ বছরের গত ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত সর্বোচ্চ ৭৮১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে যার ৮৮.২৪ শতাংশ গ্যাস ভিত্তিক,৩.১৮ শতাংশ পানি ভিত্তিক,৩.৮১ শতাংশ কয়লা ভিত্তিক এবং ৪.৭৭ শতাংশ তেলভিত্তিক। যা কিনা বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় খুবই অপ্রতুল। দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৭,০০০-৮,০০০ মেগাওয়াট;কিন্ত উৎপাদিত হচ্ছে গড়ে ৫,৫০০-৬,৫০০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং এর যাতাকলে পড়ে রাজধানী সহ গোটা দেশবাসীর নাভিশ্বাস অবস্থা। দৈনন্দিন জীবনে অসংখ্য সমস্যার মুখোমুখি হচ্ছে দেশের কোটি বিদ্যুৎ  ব্যবহারকারী। লোডশেডিং এর যাঁতাকলে পড়ে  হাসপাতাল,সংবাদপত্র,অফিস,শিল্প-প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়ে। শিল্পের অগ্রগতি থমকে দাড়ানোর সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি স্তব্ধ হয়ে পড়ে।


রাজধানীর মিরপুরস্থ কল্যানপুর নতুন বাজার পোড়াবস্তিতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলার হতদরিদ্র প্রায় তিন হাজার পরিবার বসবাস করে আসছে। তাদের বিদ্যুতের বিপুল চাহিদা মেটাতে বহুবছর আগে সিরাজ মোড়ল নামে স্থানীয় বস্তির একজন বাসিন্দা  ডেসকো'র নিকট থেকে একটি স্পট মিটার নামিয়ে সারা বস্তিতে বিদ্যুৎ সংযোগ দেয়। বিভিন্ন অনিয়ম ও বিপুল পরিমান বিদ্যুৎ বিল বকেয়া হয়ে যাওয়ায় ডেসকো সেই মিটারটি ক্লোজ করে নেয়। পরবর্তীতে সমস্যা সমাধানের চেষ্টায় একই নিয়মে এগিয়ে আসেন ফরিদ শিকদার নামে বস্তির অপর এক বাসিন্দা। সঠিক দায়িত্ব পালনে ও বকেয়া বিল পরিশোধে তিনিও ব্যর্থ হলে বকেয়া বিল আদায়ের উদ্দেশ্যে ডেসকো কর্তৃপক্ষ কর্তৃক দায়েরকৃত মামলায় বেশ কিছুদিন কারাভোগ করেন সিরাজ মোড়ল। এরই ধারাবাহিকতায় আজ থেকে  প্রায় ৫-৬ বছর আগে ডিএনসিসি'র ১১নম্বর ওয়ার্ড কমিটির সম্মতিক্রমে বস্তির বাসিন্দা আমজাদ মিয়ার নেতৃত্বে নতুন একটি কমিটি গঠন করে এবং আমজাদ মিয়ার নামে নতুন অপর একটি মিটার সংযোগ প্রতিস্থাপিত হয়  বস্তিতে। নান্নু মিয়া,আজিজুল হক,মল্লিকের স্ত্রী রিনা,কাজী এমদাদসহ আরও কিছু ব্যাক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির মধ্যে অন্তরকোন্দলের সৃষ্টি হয় কমিটির সভাপতি নান্নু মিয়াকে কেন্দ্র করে। অন্যান্য সদস্যরা নান্নু মিয়া ডিসিসির ১০নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়ে  ১১ নম্বর ওয়ার্ডের এই কমিটির সভাপতি হওয়ায় প্রচন্ড ক্ষিপ্ত হয়।  এভাবে প্রায় ৩ বছর অতিবাহিত হওয়ার এক পর্যায়ে সরকার বস্তিটি উচ্ছেদের উদ্যোগ নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে ডেসকো কর্তৃপক্ষ সেই মিটারটিও বাধ্য হয়ে ক্লোজ করে নিলেও বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৭,০০,০০০ টাকা (সতের লক্ষ টাকা) বকেয়াই থেকে যায়। পরবর্তীতে তারা কছু টাকা পরিশোধ করলেও এখনো এই মিটারে ব্যবহারকৃত বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০,০০,০০০ টাকা (দশ লক্ষ টাকা) বকেয়া রয়েছে। ২০০৩ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কল্যাণপুরের ওই জমি থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে আসক, একটি বেসরকারি সংস্থা এবং  বস্তিবাসী হাই কোর্টে রিট করেন। তাদের আবেদনে ওই বছর ২৮ ডিসেম্বর অবকালশকালীন আদালত স্থিতাবস্থার নির্দেশ দিয়ে রুল জারি করে। পরের বছর ৫জানুয়ারি হাই কোর্টের নিয়মিত বেঞ্চেও একই আদেশ আসে। ২০০৬ সালে মন্ত্রণালয় আবারও উচ্ছেদ চালানোর জন্য চিঠি দিলে আসক ফের আদালত যায়। ওই বছর ২৫ জুন আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।বিভিন্ন সময়ে এই মেয়াদ বাড়ানোর পর ২০০৭ সালের ১৭ জানুয়ারি হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়। সর্বশেষ ২০১৬ সালের ২১শে জানুয়ারী বস্তিটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অবশ্য পরবর্তীতে হাইকোর্টের নির্দেশানুযায়ী বস্তি উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়ে যায়।


তারপর বিগত দুই বছরে ডেসকো পুনরায় বৈধভাবে কোন মিটার অনুমোদন না দিলে এই সুযোগটি গ্রহন করে পুরো বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদান করে ঘর প্রতি প্রতিমাসে ৩০০ টাকা হারে প্রায় ২৫০০ পরিবারের কাছ থেকে প্রতিমাসে প্রায় ৭,৫০,০০০ (সাড়ে সাত লক্ষ টাকা) হাতিয়ে নেয় চক্রটি। গত দুই বছরে এই চক্রটির হাতিয়ে নেওয়া মোট অর্থের পরিমান দাড়ায় প্রায় ২,০০,০০,০০০ টাকায় (দুই কোটি  টাকা) টাকায়। অবৈধভাবে আদায়কৃত এই বিপুল পরিমান টাকার একটি টাকাও প্রাতিষ্ঠানিক ভাবে ডেসকো'র কোষাগারে জমা না হলেও এর একটি বিরাট অংশ উৎকোচ হিসেবে ভারী করেছে ডেসকো'র  দায়ীত্বশীল কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ব্যাক্তিগত পকেট। বাদবাকী টাকা এই চক্রের সদস্যরা নিজেদের মধ্য ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।


এবিষয়ে প্রায় শতাধিক বস্তিবাসী অত্যন্ত আফসোস ও ক্ষুব্ধতার সাথে অভিযোগ করে বলেন, এঘটনায় আমরা ডেসকো'র আগারগাঁও বিভাগে  কয়েকদফা অভিযোগ করলেও আশানুরুপ কোন ফল পাইনি। সম্প্রতি ডেসকো'র নিজস্ব ম্যাজিস্ট্রেট সম্বলিত আভিযানিক দল এসে কয়েকদফা অবৈধ এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও তারা চলে যাওয়ার পর 'যেই লাউ সেই কদু' অবস্থার সৃষ্টি হয়। 


নাম প্রকাশে অনিচ্ছুক বস্তিরই একজন বাসিন্দা আক্ষেপ করে বলেন, সবেচেয় আশ্চর্যের বিষয় হল, যেদিন ডেসকো'র নিজস্ব ম্যাজিস্ট্রেট এসে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেন,সেদিন তারা স্পটে পৌছানোর আগেই ডেসকো'র একাধিক অসৎ কর্মকর্তা-কর্মচারী তাদের স্বার্থ রক্ষায় এই চক্রের সদস্যদেরকে মুঠোফোনে খবরটি আগেই জানিয়ে দেয়। ফলে ম্যাজিস্ট্রেটের চোখে ধূলো দিতে এই চক্রটির সদস্যগণ নিজেরাই দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে সরঞ্জামাদি সরিয়ে  ফেলে।  আভিযানিক দলটি বিদায় নিলেই তাদের সুযোগ বুঝে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করে কার্যক্রমের ধারবাহিতায় ফিরে আসতে তেমন কোন বেগ পেতে হয় না? তবে মাঝে মাঝে তারা বিদ্যুৎ পুনঃসংযোগ করতে দু'এক সপ্তাহ পর্যন্ত ব্যর্থ হলে তখনই বিপাকে পড়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী। পুরো বস্তি অন্ধকারে থাকায় তাদের নিয়মিত লেখাপড়ায় বিঘ্ন ঘটে।  এমনকি রাতে খেতে বসেও মাঝে মাঝে বিরম্বনায় পরতে হয় বস্তির প্রায় আড়াই হাজার পরিবারকে। কিন্তু নির্ধারিত বিল দিতেই হয়।


সম্প্রতি আট নম্বর বস্তির এই বিদ্যুৎ সংযোগ দেয়া ও বিলের টাকা আদায় করছে আজহার মিয়া,রিনা,রাজু,পলাশ ও ফারুকসহ তাদের নিয়োজিত কয়েকজন।  ফারুক নামের চক্রের এই সদস্য বস্তির ভেতরে প্রায় ১২ টি কম্পিউটার সদৃশ ভিডিও গেমসের যন্ত্রের সমন্বয়ে একটি ভিডিও গেমের দোকান পরিচালনা করে আসছে দীর্ঘদিন। বস্তির ৬-৭ বছরের শিশুরা লেখাপড়া বাদ দিয়ে এই ভিডিও গেমসে আসক্ত হয়ে বাবা মায়ের অগোচরে ঘর থেকে টাকা পয়সা চুরি, এমনকি বাইরেও ছোটখাট চুরির ঘটনায় জড়িয়ে পড়ছে। তাছাড়া রাজু এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এবিষয়ে কেউ প্রতিবাদ করলেই এরা তার ঘরের বিদ্যুৎ সংযোগ  বিচ্ছিন্ন করে। এমন শারিরীক ভাবে লাঞ্ছিত করে। ফলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।


বিদ্যুৎ একটি সার্বজনীন ব্যবস্থা। দেশের উন্নতি অবনতি অনেকাংশে এর ওপর নির্ভরশীল। বিদ্যুৎ আমাদের জীবনে এনে দিয়েছে গতি,আনন্দ ও স্বাচ্ছন্দ। আবার এই বিদ্যুৎ সংকটই ব্যাহত করছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ও বিদ্যুৎ নির্ভর সকল কর্মকান্ড। তাই এ সংকট থেকে উত্তোরনে সরকারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশ ও জাতির সকল উন্নয়ন ও সমৃদ্ধি মারাত্মকভাবে ব্যহত হবে।


এপ্রসংগে জানতে ডেসকো'র একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

ads
ads
ads

Our Facebook Page