বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল সেবামূলক কার্যক্রমের একটি অংশ হিসেবে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করেছে আর পি সাহা বিশ্ববিদ্যালয়। এটি নারায়ণগঞ্জের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ বিশ্বাস ।
ইতিহাস
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘আর পি সাহা বিশ্ববিদ্যালয়’ একটি অনন্য নাম। মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার সুনিবিড় পরিবেশ গড়ে তুলে ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়টি ব্যাপক সুনাম অর্জন করেছে। দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম, গবেষণার যথাযোগ্য পরিবেশ, সমৃদ্ধ লাইব্রেরি, ব্যতিক্রমী নানা কার্যক্রম এখানকার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের স্বাতন্ত্র্য তথা ভিন্নতা এনে দিয়েছে। তাই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বিশ্ববিদ্যালয়ের নাম। প্রতিবেদকের সংগে আলাপকালে বলছিলেন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়। তিনি আরো জানান, ঐতিহ্যবাহী কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার পৌত্র রাজীব প্রসাদ সাহা ২০১৩ সালে আর পি সাহা নামে বিশ্ববিদ্যালয় করার জন্য অনুমোদন লাভ করেন। বিশ্ববিদ্যালয়টি ২০১৪ সালের ৭ জুলাই মাত্র ১২ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ৭ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে এক হাজারের মত শিক্ষার্থী পড়াশুনা করছে৷ নিয়মিত শিক্ষক আছে ৪৫ জন ও অতিথি শিক্ষক রয়েছে ৬ জন। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি উচ্চতর শিক্ষার প্রসারে বিভিন্নভাবে কাজ করছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুগোপযোগী জ্ঞানবিনিময়ের মাধ্যমে আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী সবাই। বস্তুত জ্ঞানের নতুন দীপশিখা জ্বালিয়ে নিয়ে এগিয়ে চলছে এ বিশ্ববিদ্যালয়।
যুগোপযোগী প্রোগ্রাম
আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের সময়ের সঙ্গে তাল মিলিয়ে খোলা হয়েছে আধুনিক যুগের সঙ্গে সংগতিপূর্ণ ও শিক্ষার্থীদের চাহিদা মাফিক নানা বিষয়। এগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, ব্যবসায় প্রশাসন, তড়িৎ ও প্রকৌশল (ইইই), ফ্যাশন ও ডিজাইন , আইন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং ফার্মেসি। এসব প্রোগ্রাম থেকে পড়ালেখা শেষ করে পেশা জীবনেও ছাত্রছাত্রীরা রাখছেন কৃতিত্বের স্বাক্ষর।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো: আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কো-কারিকুলাম একটিভিটিজ এর জন্য রয়েছে অবারিত সুযোগ। আরপিএসইউ কালচারাল ক্লাব প্রতিবছর ১লা- বৈশাখ বরণ, বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজন করে থাকে। দেশীয় সংস্কৃতির বিকাশ ও চর্চার জন্য রয়েছে ২ টি মুক্তমঞ্চ।এছাড়াও মুক্ত বুদ্ধির চর্চার জন্য রয়েছে আরপিএসইউ ডিবেট ক্লাব, খেলাধুলার জন্য রয়েছে আরপিএসইউ স্পোর্টস ক্লাব। খুব শীঘ্রই কেন্দ্রীয় খেলার মাঠ করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
সুযোগ আছে স্বল্প বেতনে পড়ার
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় জানান, ইংরেজি, ব্যবসায় প্রশাসন, তড়িৎ ও প্রকৌশল (ইইই) এবং ফ্যাশন ও ডিজাইন বিভাগে পড়তে খরচ হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা, আইন, সিএসই এবং ফার্মেসি বিভাগে পড়তে খরচ ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা। এছাড়া উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর নির্ভর করে বিভিন্ন বৃত্তি ও প্রণোদনার মাধ্যমে পড়ার সুযোগ আছে।
দৃষ্টিনন্দন ক্যাম্পাস
আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের রয়েছে অপরূপ দৃষ্টিনন্দন সুপরিসর ক্যাম্পাস। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে সবুজ এক প্রাঙ্গন। এক পাশে আছে বিশাল সব জারুল গাছ,অন্যদিকে আছে আম বাগান। রয়েছে কিছু সাংস্কৃতিক সংগঠন। যেগুলোকে ঘিরে গড়ে উঠে বন্ধুত্বের এক অকৃত্রিম মেলবন্ধন। আর এই বন্ধুত্বের গল্পগুলো জমে ওঠে আড্ডায় আড্ডায়। ফলে শত সমস্যা থাকলেও মুখ ভার করে থাকার অধিকারটুকু হারিয়ে ফেলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা! চিরসবুজ এই সাজানো গোছানো এই ক্যাম্পাসে প্রবেশ করলেই মনে আলাদা শান্তি লাগে। বলছিলেন ফার্মেসি বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী সাবরিন সুলতানা উর্বরা।
শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত
২০২১ সালের ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ছিলো ১:৩০। সেই পর্যায় থেকে ক্রমেই সন্তোষজনক পর্যায়ে আসছে বলে মনে করছে ইউজিসি। বিশ্বব্যাপী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের নূন্যতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১:১৯ যা খুবই সন্তোষজনক। ফলে শিক্ষার্থীদের পাঠদান, জ্ঞান বিতরণ তুলনামূলক সহজতর উচ্চশিক্ষার এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ভেদে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ভিন্ন হবে। মানবিক শাখার শিক্ষক শিক্ষার্থীদের অনুপাতের সাথে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অনুপাতে মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শিক্ষক নিয়োগ করতে হবে, যেন তারা গবেষণায় অবদান রাখতে পারে। শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা ও অর্জন গণমাধ্যমের কাছে তুলে ধরার জন্য বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ শাখার গুরুত্ব অপরিসীম বলে জানান ইউজিসির এই শীর্ষ কর্মকর্তা।