কোটা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে অবস্থান নিচ্ছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকে ঘিরে শাহবাগ মোড়ে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। ছাত্রলীগ ও কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করে এই প্রস্তুতি নিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ৩টা থেকে বৃষ্টির মধ্যেই ফের কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে থাকেন তারা। শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। আর আন্দোলন শুরুর পর ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’-সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।পরে বিকেল ৫টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে নানা স্লোগান দেন। তখন পুলিশ ঘটনাস্থল থেকে দুটি সাঁজোয়া যান সরিয়ে নেয় এবং পেছনে ফিরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ থেকে কারওয়ান বাজার অভিমূখে মিছিল নিয়ে যাচ্ছেন কোটাবিরোধীরা।
অপরদিকে বিকাল ৫টা পর্যন্ত ছাত্রলীগ কোনো মিছিল বের করেনি। তবে মধুর ক্যান্টিনে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন। ছাত্রলীগ নেতারা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটার যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে তাদের এই কর্মসূচি।
তবে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ছাত্রলীগ আমাদের আন্দোলনে সহযোগিতা না করে উল্টো ভয়ভীতি দেখানোর জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী মধুর ক্যান্টিনে জড়ো করেছে। এখানে পুরান ঢাকা থেকে অনেক টোকাইদেরও নিয়ে আসা হয়েছে। আমাদের আন্দোলনকে বিতর্কিত করতে তারা উঠেপড়ে লেগেছে। তাদের প্রতি আমাদের আহ্বান, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা দেবেন না। অন্যাথায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ছাত্রলীগকে এর দায় নিতে হবে।"
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, “আমরাও কোটার যৌক্তিক সংস্কার চাই। তবে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করলে- সেটা আমরা মেনে নেব না। আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানাই।"
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এক রিট আবেদনের রায়ে গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্ট। এরপর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আন্দোলনে নামেন চাকরিপ্রত্যাশী তরুণরা। প্রথম কয়েক দিন মিছিল, মানববন্ধনের মত কর্মসূচি থাকলেও এ সপ্তাহের শুরু থেকে শুরু হয় তাদের অবরোধ কর্মসূচি, যার নাম তারা দিয়েছে ‘বাংলা ব্লকেড’।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনকারীরা শুরুতে চার দফা দাবিতে বিক্ষোভ করলেও এখন তারা মাঠে রয়েছে এক দফা নিয়ে। তাদের দাবি হলো- সব গ্রেডে সব ধরনের ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ‘ন্যূনতম পর্যায়ে’ এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। ওই ‘ন্যূনতম পর্যায়’ বলতে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অনগ্রসর লোকদের জন্য ৫ শতাংশ পর্যন্ত কোটা ‘গ্রহণযোগ্য’ মনে করছে তারা।
আন্দোলনকারীরা গত রবি ও সোমবার বিকালে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এরপর বুধবার সকাল-সন্ধ্যা সারা দেশে তাদের একই কর্মসূচি চলে। তাতে যানজট এবং পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়ে মানুষ।
এই আন্দোলনের মধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার কোটা নিয়ে স্থিতাবস্থা জারির আদেশ দেয়। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, কোটা নিয়ে এখন কোনো কথা বলা যাবে না। হাই কোর্টের রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আপিল বিভাগ আবার বিষয়টি শুনবে।
আন্দোলন করে যে আদালতের রায় বদলানো যায় না, সে কথা মনে করিয়ে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আদালতের দরজা তাদের জন্য সবসময় খোলা আছে। নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমরা সেটি গুরুত্বসহ শুনব।