ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ৫

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের অভিযোগ করা হয়েছে। ডাকাতদের করা বিস্ফোরণে দোকান মালিকসহ ৫ জন আহত হয়েছেন। মধ্যরাতে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার (১৪ জুলাই) দিবাগত রাতে কোনাপাড়া মমিনবাগ চৌরাস্তায় জনি সুপার মাকেটের ফারদিন জুয়েলারি দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।


আহতরা হলেন- দোকানটির মালিক মনির হোসেন (৪২), পাশের দোকানের কর্মচারী শিহাব (৩০), আনোয়ার হোসেন (২৭), শিক্ষার্থী বাপ্পি (১৮) ও সবজি বিক্রেতা কাইয়ুম (৩০)।


তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. ওহাব নামে এক ব্যক্তি জানান, জুয়েলারি দোকানটির ওই মার্কেটের উপর তার নিজস্ব ফ্ল্যাট। রাতে জুয়েলারি দোকানের কিছুটা দূরে আড্ডা দিচ্ছিলেন তিনি। রাত সাড়ে দশটার দিকে কয়েকটি মোটরসাইকেলে ৪-৫ জন এসে এলাকায় প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। এরপর মনিরের দোকানে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং গুলি করে তারা। আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই দুষ্কৃতিকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, পরবর্তীতে দোকানে গিয়ে দেখা যায় দোকান মালিক মনিরসহ আশপাশের দোকানদার, সবজি বিক্রেতাসহ ৫ জন আহত হয়ে পড়ে আছেন। তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


দোকানটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের সবার শরীরে বিভিন্ন জায়গায় জখম রয়েছে। তাদেরকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

ads
ads
ads

Our Facebook Page