ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

আগামী মে মাসের মাঝামাঝি প্রস্তুতি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।টাইমলাইন অনুযায়ী, আগামী মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে। তবে কবে নাগাদ নির্বাচন হবে সে বিষয়ে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


টাইমলাইন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয়। এই সময়েই গঠনতন্ত্র সংশোধন কমিটি করা হয়। বর্তমানে গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়েছে। এটি ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। চূড়ান্ত এই গঠনতন্ত্র সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে।


শত বছরের পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমল। স্বাধীনতার পর দেশে আটবার ডাকসু ভোট হয়েছে।


১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। তারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগের বিষয় তুলে ধরেন সিনেটে।


শেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদপূর্তির পর আরও পাঁচ বছর পেরিয়ে গেছে। গত বছরে আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডাকসু নির্বাচনের দাবি নিয়ে সরব হয়েছে বিভিন্ন পক্ষ।বিশ্ববিদ্যালয়ের টাইমলাইন অনুযায়ী, গত জানুয়ারি মাসে নির্বাচনের কোড অব কন্ডাক্ট এর রিভিউ করার জন্য কমিটি গঠন করা হয়। এটিও চূড়ান্ত হয়ে আছে। সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে।


কমিটি বিভিন্ন সংগঠন, হল প্রভোস্টসহ অংশীজনদের সাথে মতবিনিময়ও সম্পন্ন করেছে। এসব মিটিংয়ের ফলাফল ছাত্র সংগঠনগুলোকে দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে এগুলো ডিন ও হল প্রভোস্টদেরও দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। মে মাসের মধ্য সপ্তাহে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।


এরপর নির্বাচন কমিশন উপাচার্যের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

ads
ads
ads

Our Facebook Page