বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিলেও এবার পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য।
তিনি বলেন, “এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করব”।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক পদ তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আরও ১০ জন আসেন। বিশেষ কোটায় একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন দু’জন পরিচালক।
সব মিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যকার ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারিত হয়।