বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন। গত ১৯ আগস্ট তার পদত্যাগপত্র সংগঠনটির আহ্বায়কের কাছে জমা দেন তিনি। তবে প্রায় এক মাস পর পদত্যাগের বিষয়টি তিনি আজ ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাসিবুল ইসলাম তার নিজ ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, ‘গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’হাসিবুল ইসলাম আরও লেখেন, ‘আমার দায়িত্বকালীন আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবির সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছি। সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন- এই প্রত্যাশা করি।’
‘সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে’, যোগ করেন হাসিবুল ইসলাম।