পোস্টাল ব্যালটে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি এক্ষেত্রে ওঠা অনিয়মের অভিযোগ বিষয়ে নির্বাচন কমিশনসহ (ইসি) সংশ্লিষ্টদের ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। যারা পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণের কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ব্যাখ্যা দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, সিইসি’র সঙ্গে বৈঠকে নির্বাচন-সংক্রান্ত কিছু আইনগত বিষয় ও আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়েছে। দু-একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এগুলো তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট সঠিকভাবে বিবেচনা করা হয়নি অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পোস্টাল ব্যালট প্রথম এক্সারসাইজ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিম হচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এতে যেসব অনিয়মের অভিযোগ আসছে, তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। এটা যে আসলে ধারণা নয়, সেটাও প্রমাণিত হচ্ছে।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কোনো কোনো বাসায় ২০০ থেকে ৩০০টি করে ব্যালট পাওয়া যাচ্ছে।
কোথাও ব্যালট জব্দ করা হয়েছে, কোথাও ভোটগ্রহণ শুরু হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আবার কোথাও একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে—এমন ঘটনাও সামনে এসেছে।বিএনপির এই নেতা বলেন, কোন প্রক্রিয়ায় প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, কীভাবে তারা ভোট দেবেন, কোথায় স্ক্যান করবেন এবং এক জায়গায় বিপুলসংখ্যক ব্যালট পাওয়া গেলে তার দায় কার—এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়গুলো বিবেচনা করে ব্যাখ্যা দেবে। প্রয়োজনে আজই দিতে পারে।
পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনি এলাকায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নাম ও প্রতীকসহ যে সাধারণ ব্যালট ব্যবহার করা হয়, সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা উচিত। এতে সব নির্বাচনি এলাকার জন্য আলাদা আলাদা প্রতীকসংবলিত ব্যালট ছাপানোর প্রয়োজন হবে না। এতে জটিলতাও কমবে। নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে।
নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ভোটার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ভোটার স্লিপে ভোটারের নম্বর, প্রার্থীর নাম ও প্রতীক থাকা প্রয়োজন। আমরা চাই, অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক। ভোটার স্লিপের মাধ্যমে ভোটের নম্বর ও প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পাওয়া সহজ হয়। ভোট স্লিপের মধ্যে কোনো দলের নাম দেওয়া যাবে না, প্রতীক ও প্রার্থীর ছবি দেওয়া যাবে না— এসব বিধান পুনর্বিবেচনা করা দরকার। নির্বাচন কমিশন চাইলে নিজেরাই এই বিধান পরিবর্তন করতে পারে। তিনি আরও বলেন, ভোটার স্লিপ দেওয়া মানেই ভোটে প্রভাব নয়। ভোটার নিজেই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। নির্বাচনকে কঠিন না করে ভোটারদের সহযোগিতা করা উচিত।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আগে নির্বাচন কমিশনের অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল। সেটি রাজনৈতিক প্রচার ছিল না। কিন্তু বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের নীরবতা বিএনপির নজরে এসেছে।
এর আগে সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া ও বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।