২০ তারিখ শাকসু নির্বাচন না হওয়ায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল তিনটায় ভাস্কর্য চত্বরে শাকসু স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধন তিনি এ আহ্বান জানান।
ইব্রাহিম খলিল বলেন, ২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ— সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।
ইব্রাহিম খলিল বলেন, আমরা আপনাদের কল্যাণকামী। শিক্ষার্থীদের ভোটাধিকার বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় না। ভোটাধিকার হরণের কাজ আগে করেছিল, ফ্যাসিস্ট হাসিনা ও তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সোশ্যাল মিডিয়া সম্পাদক সালেম হোসেন সিয়াম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।