বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় উপড়ে ফেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনগণমুখী বিচার ব্যবস্থা গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন, তবে স্বাধীনতার নামে দুর্নীতিগ্রস্ত কাঠামো, অস্বচ্ছতা কিংবা বিচারপ্রার্থীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে, বিচারপ্রক্রিয়াকে সহজ করতে হবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের দ্বার উন্মোচন, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এরআগে, বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন। আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। অনেকেই মাজদার হোসেন মামলার উদাহরণ দেন। কিন্তু আমরা মাজদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। আমরা এমন বিচার বিভাগ চাই, যেখানে বিচারপ্রার্থী হয়রানির শিকার হবে না, মামলা বছরের পর বছর ঝুলে থাকবে না এবং দুর্নীতির কোনো জায়গা থাকবে না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে ফেলতে চাই।”
তিনি আরো বলেন, “বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে বিচারকদের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি জবাবদিহিতাও জরুরি। বিচার ব্যবস্থাকে জনগণের জন্য কার্যকর করতে হবে। আদালতকে হতে হবে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল, প্রভাবশালীদের নিরাপদ জায়গা নয়।”
বর্তমানে জাতীয় রাজনীতিতে আলোচিত জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিভিন্ন মহল থেকে এসব বিষয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। তবে সরকার কোনো আবেগতাড়িত বা তড়িঘড়ি সিদ্ধান্ত নেবে না। প্রতিটি আইন, প্রস্তাব ও সংস্কার উদ্যোগ যাচাই-বাছাই করে সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
তিনি আরো বলেন, “অনেকে বলছেন বিএনপি জুলাই সনদ মানে না। আমরা বলতে চাই, বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে। তবে যেকোনো সিদ্ধান্তের সাংবিধানিক ও আইনগত ভিত্তি থাকতে হবে। আইন ও সংবিধানের বাইরে গিয়ে কিছু করা যাবে না।”
জুলাই আন্দোলন ও আহতদের পুনর্বাসন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “দেশের গণতান্ত্রিক ইতিহাসে জুলাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। যারা এখনো সনদ পাননি, তাদের বিষয়ে কাজ চলছে। কেউ বাদ পড়বেন না। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সনদ দেওয়া হবে। আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। অনেককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন,“আমরা মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাইয়ের বীরযোদ্ধাদের রক্তের ঋণ ধারণ করে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”
মো. আসাদুজ্জামান বলেন, “জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, অন্যায়, গুম, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। জনগণের অধিকার হরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকারের সময়ে গুম, ক্রসফায়ার এবং পুলিশের মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করা হয়েছে। রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসামূলক মামলার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে এসেছে।”