ঢাকা, শনিবার, ৯ মে, ২০২৬

এমপিদের প্রতিশ্রুত কর্মসূচি দ্রুত বাস্তবায়নে ৭ সদস্যের 'সেল'

ads

সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি ‘সেল’গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিশ্রুত কর্মসূচিগুলোর দ্রুত বাস্তবায়নের পাশপাশি কার্যকরভাবে বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই ‘সেল’ গঠন করা হয়েছে।


‘সেলের’ সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১।অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তর সংশ্লিষ্ট পরিচালক, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-১ ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা।


এই ‘সেলের’ কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে-


১. সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির চাহিদা গ্রহণ, সংকলন ও তথ্যভাণ্ডার সংরক্ষণ করা।


২. প্রাপ্ত কর্মসূচিগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, প্রাসঙ্গিকতা নিরূপণ, সম্ভাব্যতা ও জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তরে সুপারিশ প্রেরণ করা।


৩. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তরের সাথে কার্যকর সমন্বয় সাধন এবং গৃহীত প্রকল্পগুলোর মাঠ পর্যায়ে সফল বাস্তবায়ন নিশ্চিতকরণে নিবিড় সমন্বয়, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি তদারকি ও পর্যালোচনা করা।


৪. ‘সেলের’ সার্বিক কার্যক্রম ও কর্মসূচিসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সময় সময় কর্তৃপক্ষকে অবহিত করা।


৫. সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সেলের’ কার্যক্রমে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তর হতে উপযুক্ত সংখ্যক প্রতিনিধি বা জনবল সংযুক্ত করা যাবে।

ads
ads
ads

Our Facebook Page