ঢাকা, রবিবার, ১০ মে, ২০২৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ads

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে সকালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনব্যাপী (১০-১৩ মে) এ আয়োজনে পুলিশ বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ, পদক বিতরণ ও বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি পৃথক বাণী দিয়েছেন।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা নির্ভর করে। বর্তমানে সাইবার স্পেস, এআই ও ডিপফেকের মতো প্রযুক্তি অপরাধে ব্যবহৃত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদে ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিকসে দক্ষ করে গড়ে তুলতে হবে।


প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেছেন, সরকার একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। এ জন্য ঘরে-বাইরে নিরাপত্তা জরুরি। আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের উন্নয়নে বিনিয়োগ করছে সরকার। মব সিমিং, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।


চার দিনের এ আয়োজনে পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী কর্তৃক পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে।


এ ছাড়া ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও সেবায় ‘বিপিএম-সেবা’ ও ‘পিপিএম-সেবা’ দেওয়া হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে।

ads
ads
ads

Our Facebook Page