ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে: ট্রাম্প

ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে এবং যুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জনের লক্ষ্যে তিনি হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌ-এসকর্ট বা জাহাজ পাহারার বিষয়টি বিবেচনা করছেন।


মার্কিন অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে দেশে ক্রমবর্ধমান চাপের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন যে, গত সপ্তাহান্তে ওয়াশিংটনের দাবিগুলো ইরানের প্রত্যাখ্যান করার অর্থ হলো—এমনিতেই নড়বড়ে এই যুদ্ধবিরতি এখন ‘অবিশ্বাস্যভাবে দুর্বল।’


১১মে (সোমবার) হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি বলব এটি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, এটি এখন লাইফ সাপোর্টে। আমি বলব যুদ্ধবিরতিটি লাইফ সাপোর্টের চরম পর্যায়ে রয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপির।


আলাদাভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, তিনি হরমুজ প্রণালি দিয়ে তেল ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার মার্কিন প্রচেষ্টা পুনরায় শুরু করার কথা ভাবছেন, তবে তিনি এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ‘অপারেশন ফ্রিডম’ নামে অভিহিত এই উদ্যোগটি প্রথম ৬ মে শুরু করা হয়েছিল, কিন্তু দুই দিনের কম সময়ের মধ্যে তা পরিত্যক্ত হয়।


যুক্তরাষ্ট্র ইরানকে দ্বন্দ্ব কমানোর জন্য একগুচ্ছ শর্ত পাঠিয়েছিল, যার বেশিরভাগই ছিল দেশটির পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ক্ষমতা রোধ করার সাথে সম্পর্কিত। সপ্তাহান্তে ইরান পাল্টা প্রস্তাব পাঠায়, যেগুলোকে ট্রাম্প আজ সাংবাদিকদের কাছে ‘আবর্জনা’ বলে অভিহিত করেন।


ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অচলাবস্থার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র পিছিয়ে আসবে। তিনি বলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে যাচ্ছি। ইরান ভাবছে আমি এতে ক্লান্ত হয়ে পড়ব, আমি বিরক্ত হয়ে যাব অথবা আমি কোনো চাপের মুখে পড়ব। তবে এক্ষেত্রে আসলে কোনো চাপ নেই।’


ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি এখনো আগ্রহী কি না— সে বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সেখানকার নেতৃত্ব ‘মধ্যপন্থী’ এবং ‘উন্মাদ’ এই দুই ভাগে বিভক্ত। উন্মাদরা শেষ পর্যন্ত লড়াই করতে চায়। আপনি জানেন, সেই লড়াইটা খুব দ্রুত হবে।”

ads
ads
ads

Our Facebook Page