ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ads

ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানান তিনি।সোমবার (১১ মে) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, কোনো একটি অঙ্গরাজ্যে রাজনৈতিক পরিবর্তন বা প্রশাসনিক সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করে না। সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গেই কূটনৈতিকভাবে কাজ করে থাকে।


পশ্চিমবঙ্গে কাঁটাতার নির্মাণ সংক্রান্ত আলোচনার বিষয়ে তিনি জানান, এ ধরনের উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি নিয়মিত নজরদারি করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অস্থিতিশীলতা রোধে প্রস্তুত রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক থাকার আহ্বান জানান। তার ভাষায়, পুরোনো ও অসত্য ভিডিও ব্যবহার করে অনেক সময় ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই।


এদিকে লবণ শিল্প প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page