ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রণক্ষেত্র মতিঝিল, ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সোমবার সকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ঘোষিত মানববন্ধন কর্মসূচি পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।


ব্যাংক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ব্যানারে একটি মানববন্ধন শুরু হলে অল্প সময়ের মধ্যেই তা থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং দ্রুত তাদের সরে যেতে বলে। আয়োজকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তনের প্রতিবাদেই তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তবে অনুমতি না থাকায় পুলিশ তাদের কর্মসূচি বন্ধ করে দেয়।


ঈদের আগের শেষ কর্মদিবসে ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে নতুন নিয়োগের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিল বিভিন্ন পক্ষ। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে মতিঝিলে কর্মসূচির ডাক দেওয়া হয়। পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে পুরো ব্যাংকপাড়ায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “অনুমতি ছাড়া সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। আমরা তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।”

ads
ads
ads

Our Facebook Page