ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়াও ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) সংসদে ইসলামী ব্যাংকে বিতর্কিত লোক বসিয়ে সরকার লুটপাটের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সব কিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।
বৈধ গ্রাহকদের বিষয়ে তিনি বলেন, দাবি অনুযায়ী বৈধ গ্রাহকদের ইসলামী ব্যাংকের মালিকানা দেওয়া হবে। তবে ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে আন্দোলন করা হচ্ছে। পর্দার আড়ালে বা পর্দার বাইরে আন্দোলন করে বেশি এগোনো যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।ইসলামী ব্যাংকের নিয়োগ এবং টাকা নিয়ে ফেরত না দেওয়া প্রতিষ্ঠানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির চেয়ারম্যান থেকে বোর্ড অব ডিরেক্টর, সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে প্রশ্ন করতে হলে আইন পরিবর্তন করে আসতে হবে। তিনি আরও বলেন, নাবিলগ্রুপসহ যারা টাকা নিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে তদন্ত হবে। ৯ হাজার কর্মীকে নিয়ম না মেনে চাকরিচ্যুত করা হয়েছে।
এর আগে, সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সরিয়ে নিয়েছিল এস আলম। আবারও ইসলামী ব্যাংকে বিতর্কিত কিছু লোকজনকে বসিয়েছে সরকার। এর মাধ্যমে জনগণের টাকা লুটপাট হবে। এটা অত্যন্ত পরিষ্কার।
গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন গ্রাহক ও শেয়ারহোল্ডাররা।