ফুটবলের ইতিহাসে অসংখ্য মহান খেলোয়াড় এসেছেন, কিন্তু খুব কমজনই খেলাটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। লিওনেল মেসি সেই বিরলদের একজন। আজ ৩৯তম জন্মদিনে দাঁড়িয়ে আর্জেন্টাইন মহাতারকা শুধুই একজন ফুটবলার নন, তিনি একটি যুগের নাম।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল আন্দ্রেস মেসি। শৈশব থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দিলেও তার পথ মোটেও সহজ ছিল না। গ্রোথ হরমোনের সমস্যায় ভুগতে থাকা কিশোর মেসির চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য ছিল বড় চ্যালেঞ্জ।
সেই কঠিন সময়ে পাশে দাঁড়ায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একটি ন্যাপকিনে লেখা চুক্তির গল্প আজ ফুটবল ইতিহাসের অংশ। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা মেসি খুব দ্রুতই বিশ্বকে জানিয়ে দেন তার অসাধারণ সামর্থ্যের কথা।
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর শুরু হয় রেকর্ড ভাঙা-গড়ার অধ্যায়। জাভি ও ইনিয়েস্তার সঙ্গে গড়ে তোলা স্বর্ণযুগের বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন মেসি। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জিতেছেন অসংখ্য লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য শিরোপা। ব্যক্তিগত অর্জনের তালিকাও ঈর্ষণীয়। রেকর্ড আটটি ব্যালন ডি’অর, একাধিক ইউরোপিয়ান গোল্ডেন শু এবং অসংখ্য ব্যক্তিগত সম্মাননায় সমৃদ্ধ তার ক্যারিয়ার।
তবে আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে তাকে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হার, কোপা আমেরিকার একাধিক ফাইনালে ব্যর্থতা তাকে সমালোচনার মুখে ফেলেছিল। এমনকি একবার জাতীয় দল ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
কিন্তু ফিরে এসে বদলে দেন সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পায় তার ক্যারিয়ার। কাতার বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোকে অনেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সমাপ্তি হিসেবে বিবেচনা করেন।
৩৯ বছরে এসেও মেসির জাদু ফুরিয়ে যায়নি। চলতি বিশ্বকাপেও তিনি গোল করছেন, ম্যাচ জেতাচ্ছেন এবং নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন। জন্মদিনের আগের ম্যাচে জোড়া গোল, তার আগে হ্যাটট্রিক—সব মিলিয়ে এখনও তিনি প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি। রোজারিওর সেই ছোট্ট ছেলেটি আজ কোটি মানুষের অনুপ্রেরণা। তাই মেসির জন্মদিন কেবল একজন খেলোয়াড়ের জন্মদিন নয়, এটি ফুটবল ইতিহাসের এক সোনালি অধ্যায়ের উদযাপন।