জর্ডান ম্যাচে লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কি না, বদলি হবেন কি না বা পুরো বিশ্রামে থাকবেন—এ বিষয়ে নিশ্চিত নন জর্ডান কোচ জামাল সেলামি। তবে মেসি খেলুক বা না খেলুক, আর্জেন্টিনাকে শক্তিশালী ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে জর্ডান শিবির। দলটির অধিনায়ক নুর আল-রাওয়াবদেহও চান, আর্জেন্টিনার বিপক্ষে ইতিবাচক একটি ছাপ রেখে যেতে।ডালাসে উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।
আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নবাগত জর্ডান। তবে বিদায়ের আগে বড় মঞ্চে নিজেদের মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন জর্ডান অধিনায়ক নুর আল-রাওয়াবদেহ। তিনি বলেন, এখানে খেলতে পারাটাই একটি বার্তা—জর্ডানের মানুষ ও সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার সুযোগ।
তিনি আরও বলেন, জর্ডানের মানুষ স্বপ্ন দেখে এবং অধ্যবসায়ী—এটাই তারা বিশ্বকে জানাতে চান। জর্ডান কোচ জামাল সেলামি বলেন, ‘‘আর্জেন্টিনার শুরুর একাদশ কী হবে তা তাদের জানা নেই। তবে যেই খেলোয়াড়ই নামুক, তারা সবাই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে।’’
তিনি বলেন, ‘‘আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ই এই দলে খেলার যোগ্য এবং তারা একটি ব্যতিক্রমী দল।’’
এদিকে আর্জেন্টিনা টানা তিন জয় নিয়ে নকআউটে যাওয়ার লক্ষ্য নিয়েছে। দলটি ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে গোল না খাওয়ার রেকর্ড ধরে রাখার দিকেও তাকিয়ে আছে। গত বুধবার ৩৯তম জন্মদিন পালন করা মেসির সামনে রয়েছে আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ—বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড। অন্যদিকে জর্ডানের সামনে সুযোগ রয়েছে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের দল হিসেবে বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর ইতিহাস গড়ার।
পরিসংখ্যানে দেখা যায়, সুপারকম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ, ড্র ১৩.২ শতাংশ এবং জর্ডানের জয়ের সম্ভাবনা ৮.৭ শতাংশ। তবে ফুটবল মাঠে পরিসংখ্যান নয়, শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে পারফরম্যান্সই।