বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা চুলচেরা বিশ্লেষণ। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণীও আলাদা আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষকের এবারের দাবি—২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই জাপানের কাছে হেরে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
আগামী ২৯ জুন হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে হাইভোল্টেজ নকআউট ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে হাজিমে মোরিয়াসুর জাপানের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। তবে ক্লেমেন্টের জোরালো দাবি, নকআউটের এই রোমাঞ্চকর ম্যাচটিতে শেষ হাসি হাসবে জাপানই। ফলে কোটি ভক্তের প্রত্যাশার গুড়েবালি দিয়ে অনেক আগেই শেষ হবে ব্রাজিলের হেক্সা জয়ের বিশ্বকাপ অভিযান।
নিজের এই আলোচিত পূর্বাভাসের পেছনে একটি বিশেষ গাণিতিক মডেল ব্যবহার করেছেন জোয়াকিম ক্লেমেন্ট। তার এই মডেলে শুধু ফুটবলীয় পরিসংখ্যানই নয়, বরং দেশের মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার এবং আবহাওয়ার তাপমাত্রার মতো বৈচিত্র্যময় বিষয়গুলোকেও গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব অপ্রচলিত সূচকের সমন্বয়েই তিনি দলগুলোর জয়-পরাজয় ও শিরোপা অর্জনের সম্ভাবনা নির্ধারণ করেন।
গত ৯ এপ্রিল প্রকাশিত এক গবেষণাপত্রে ক্লেমেন্ট পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। তবে তার সব হিসাব যে শতভাগ মিলছে, তা কিন্তু নয়। নকআউট পর্বের চূড়ান্ত সূচি প্রকাশের পরই ক্লেমেন্টের কিছু সমীকরণ ভুল প্রমাণিত হয়েছে। যেমন—দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি, কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় সেই ম্যাচ আর সম্ভব হচ্ছে না। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও তার গাণিতিক মডেলে নিখুঁতভাবে ধরা পড়েনি।
ভুলত্রুটির ভিড়েও এখন পর্যন্ত ক্লেমেন্টের পূর্বাভাসের সঙ্গে মিলে যাওয়া সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো। গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘এফ’-এর সম্ভাব্য ক্রস-ম্যাচের সমীকরণ বিশ্লেষণ করেই এই ম্যাচ দুটির ছক এঁকেছিলেন তিনি। এখন দেখার বিষয়, তার করা ব্রাজিলের বিদায়ের এই দুঃসংবাদ মাঠের লড়াইয়ে কতটা সত্যি প্রমাণিত হয়।