ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

ads

সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর রাস তানুরা এলাকায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি হরমুজ প্রণালির পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহত সবাই সৌদি নাগরিক। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।


গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করে আরামকো। প্রায় চার মাস বন্ধ থাকার পর এই কার্যক্রম পুনরায় চালু হয়েছিল।


বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতার পর তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page