নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উসকানিমূলক তৎপরতা, জনমনে অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। মঙ্গলবার রাজধানীর দারুসালাম থানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাজার রোড হয়ে মিরপুর-১ নম্বর দিয়ে মিছিল শেষ হয় মিরপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে।
মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ। এ সময় সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সারোয়ার আলম পিয়াস। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় নেওয়ার পরও তাদের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”
তিনি আরও বলেন, “আপনারা সবসময় চোখ-কান খোলা রাখবেন। দেশের মানুষকে সজাগ থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই ফ্যাসিস্টের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত নিষিদ্ধ সংগঠনের সকল অপতৎপরতা কঠোরভাবে দমন করার আহ্বান জানান।