রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় টানা অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে এবং একটি বড় গাছ উপড়ে পড়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে সড়কটি সম্পূর্ণ স্বাভাবিক হয়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এবং স্থানীয়ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে হালকা যানবাহন এবং পরবর্তীতে বিকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বন বিভাগ ও স্থানীয় জনগণের সহায়তায় রাস্তা থেকে গাছ কেটে ও মাটি সরিয়ে যান চলাচল সচল করার চেষ্টা চালান।
পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের একটি দল। আঞ্চলিক উপ-কমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১৫ জন নৌ রোভার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক পরিষ্কার ও সচল করার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজের সার্বিক তদারকি করেন।