স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । একই সঙ্গে ন্যাটো জোটে স্পেনকে ‘জঘন্য অংশীদার’ বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্যিক লেনদেন চালিয়ে যেতে চায় না। তার অভিযোগ, ন্যাটোতে স্পেন যথাযথভাবে দায়িত্ব পালন করছে না এবং জোটের প্রতি প্রয়োজনীয় আর্থিক অবদানও রাখছে না।প্রতিবেদনে বলা হয়, গত মার্চে স্পেন সরকার ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। পাশাপাশি মার্কিন সামরিক অভিযানে ব্যবহৃত যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ধারণা করা হচ্ছে, স্পেনের ওই অবস্থানের জেরেই ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইরান ইস্যুতে দুই দেশের নীতিগত মতপার্থক্যই সাম্প্রতিক এই উত্তেজনার অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে ট্রাম্পের বক্তব্যের পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী কার্যালয়। এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এসব মন্তব্যকে তারা তাৎক্ষণিকভাবে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে না।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বজায় রাখার পক্ষেই রয়েছে মাদ্রিদ।