ঢাকা, রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিজয়নগর সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। 


শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন আলীনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলে অবস্থান নিয়ে টহল দল অপেক্ষা করছিল। এ সময় ৭-৮ জন ব্যক্তি ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া দেয়। এতে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়।


পরে বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে কসটেপ দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা ডিসপ্লে ও দুটি বাইসাইকেলের মোট সিজার মূল্য প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা।


সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

ads
ads
ads

Our Facebook Page