বিনোদন ডেস্ক: টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দি লাখো মানুষ মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও প্রয়োজনীয় সম্পদ হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকা। কেউ সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সহায়তার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
অভিনেতা অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা বরাবরের মতো এবারও নিজেদের ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন। তারা জানিয়েছেন, চট্টগ্রাম ও কক্সবাজারসহ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পাঠানো হচ্ছে। বর্ষা বলেন, দুর্যোগের এই সময়ে বিভেদ ভুলে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।
সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্তদের সহায়তায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে তাদের দেশের প্রকৃত নায়ক বলে উল্লেখ করেন। অন্যদিকে, সংগীতশিল্পী তাশরিফ খান সরাসরি দুর্গত এলাকায় অবস্থান করে ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছায়।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে সবাইকে সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিনেত্রী নাদিয়া আহমেদও পানিবন্দি মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ কমে আসার জন্য প্রার্থনা করেছেন। অভিনেতা নিলয় আলমগীর মানুষদের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পশুপাখির প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন।
অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বন্যার ভয়াবহতা তুলে ধরেছেন। অন্যদিকে, চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের এলাকার দুরবস্থার কথা উল্লেখ করে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন। চিত্রনায়িকা অধরা খানও সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বলেন, দেশের বিভিন্ন জেলার হাজারো পরিবার আজ ঘরছাড়া। যারা নিরাপদ অবস্থানে আছেন, তারা সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি বা প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিলে তা দুর্গত মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। কণ্ঠশিল্পী কাজী শুভ ও পড়শীও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্ত মানুষের জন্য দোয়া এবং মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারকাদের মতে, দুর্যোগের এই সময়ে রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত মতভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করাই সবচেয়ে জরুরি। তাদের এই মানবিক আহ্বানে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে। অনেক ভক্ত ও সাধারণ মানুষও বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।