ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী আয়োজনে টম ক্রুজ, মঞ্চ মাতাবেন বিশ্বসংগীতের তারকারা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহাযজ্ঞ শেষ হচ্ছে আগামী ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠান, যেখানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা এক মঞ্চে উপস্থিত থাকবেন।

ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। পাশাপাশি পারফর্ম করবেন ইতালির জনপ্রিয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন সংগীতশিল্পী নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড।

গত মঙ্গলবার ফিফা আনুষ্ঠানিকভাবে সমাপনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে আইশোস্পিডকে পারফর্মার হিসেবে রাখা হলেও টম ক্রুজকে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে চলমান বিশ্বকাপের বিভিন্ন ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে দর্শকদের নজর কাড়েন ‘মিশন: ইম্পসিবল’খ্যাত এই হলিউড তারকা।

ফাইনালের আগে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের জন্য থাকছে আরও নানা আকর্ষণ। সমাপনী আয়োজনে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, বিশেষ পুরস্কার বিতরণ এবং ম্যাচপূর্ব বিনোদনের বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। ফলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও বিনোদনমুখর পরিবেশ।

ads
ads
ads

Our Facebook Page