ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, স্টেডিয়াম পাহারা দেবে যুদ্ধবিমান

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় অনুষ্ঠেয় এই ম্যাচ সরাসরি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে আকাশ, স্থল ও স্টেডিয়ামের ভেতরে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।


হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এফ-১৬ যুদ্ধবিমান। একই সঙ্গে স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন সামরিক স্নাইপাররা। ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ওপরের আকাশসীমাকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে কয়েক হাজার এফবিআই এজেন্টসহ বিভিন্ন ফেডারেল, স্থানীয় এবং বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একটি ফুটবল ম্যাচকে ঘিরে এমন নিরাপত্তা আয়োজন যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে অন্যতম বৃহৎ অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।


নিরাপত্তা জোরদারের কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে অতিরিক্ত সময় লাগতে পারে বলেও সতর্ক করেছে হোয়াইট হাউস। বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির আয়োজন। সাধারণত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানেই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।


হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা পরিকল্পনা প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান কিংবা স্টেট অব দ্য ইউনিয়নের সমমানের। গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এক বন্দুকধারী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের ঘটনার পর বিশ্বকাপ ফাইনালের নিরাপত্তা পরিকল্পনায় আরও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।


তিনি আরও জানান, বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০৩টি ম্যাচ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আয়োজকরা চান, ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় থাকুক। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।


জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো প্রায় দুই বছর ধরে ফাইনালের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিকল্পনার শুরু থেকেই ধরে নেওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।


এদিকে উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনাল উপলক্ষে জারি করা বিমান চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ছোট বেসামরিক উড়োজাহাজকে পথরোধ করে এফ-১৬ যুদ্ধবিমান। পাইলটের দৃষ্টি আকর্ষণের জন্য যুদ্ধবিমান থেকে বিশেষ আলোক সংকেত দেওয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে সংরক্ষিত আকাশসীমার বাইরে চলে যায়।


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক আকর্ষণকারী আয়োজনগুলোর একটি। একই সঙ্গে এটি হবে সবচেয়ে নিরাপদ টুর্নামেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির মধ্য দিয়ে রোববার সফলভাবে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। সূত্র: দ্য টেলিগ্রাফ


ads
ads
ads

Our Facebook Page