ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন প্রধান হিসেবে খলিল আল-হায়ার নাম ঘোষণা করেছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের হামলায় নিহত সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, খলিল আল-হায়া এর আগে সংগঠনটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি পাঁচ সদস্যবিশিষ্ট লিডারশিপ কাউন্সিলেরও সদস্য ছিলেন। দলটির সাবেক পলিটব্যুরো প্রধান খালেদ মেশালের সঙ্গে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ভোটের দ্বিতীয় দফায় জয়ী হয়ে তিনি নতুন প্রধান নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হন। একই বছর তেহরান সফরকালে গুপ্তহত্যার শিকার হন সংগঠনটির আরেক শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। এরপর হামাসের নেতৃত্বে খলিল আল-হায়ার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
শীর্ষ নেতাদের মৃত্যুর পর যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতৃত্ব পরিচালনার জন্য হামাস পাঁচ সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করে। খলিল আল-হায়া ওই কাউন্সিলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হায়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত। কূটনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। কাতার, মিসরসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পক্ষের সঙ্গে বিভিন্ন দফার আলোচনায় তিনি হামাসের অন্যতম প্রধান প্রতিনিধি ছিলেন।