লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম ভাষণে বলেছেন, আমাদের (রাজনীতিবিদদের) আরও ভালো হতে হবে। যুক্তরাজ্যের ৩৯তম প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তিনি জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন। দেশের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা রয়েছে বলেও জানান বার্নাম।পূর্বসূরি কিয়ার স্টারমারের পদত্যাগের পর বার্নাম জানান, দেশের মানুষ রাজনীতি নিয়ে বিরক্ত। জনস্বার্থ রক্ষায় রাজনীতিবিদদের আরও উন্নত ও দায়িত্বশীল হওয়া অবশ্যক।
তিনি বলেন, রাজনীতিবিদরা প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভাল কাজ করেনি।” তবে বার্নাম আরও ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। অতিরিক্ত লন্ডনকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় ক্ষমতা পৌঁছে দেওয়াকে বার্নাম তার অন্যতম প্রধান অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। গত শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বার্নামের প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হয়েছিল। সেদিনের ভাষণে বার্নাম ৫ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন তার একটি পরিকল্পনা আছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েও তার সেইসব প্রতিশ্রুতি ও পরিকল্পনা ভাষণে তুলে ধরেছেন বার্নাম।
১. লেবার পার্টিতে কোন্দল থামানো: দলের অভ্যন্তরীন কোন্দলকে দায়ী করে বার্নাম বলেন, দলাদলি লেবার পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিভক্ত দল নতুন ডানপন্থিদের হারাতে পারবে না উল্লেখ করে তিনি ঐক্যবদ্ধ দল গঠনের ওপর জোর দেন।
২. নতুন ধারার রাজনীতি: বার্নামের মতে, জনগণ রাজনীতিতে পরিবর্তন চায়। নতুন রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে তিনি সততার সাথে কথা বলাতেই মেকারফিল্ড উপ-নির্বাচনে সাফল্য পেয়েছেন বলে উল্লেখ করেন বার্নাম। লেবার পার্টি শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
৩. অন্য দলগুলোর সঙ্গে মিলে কাজ করা: বার্নাম বলেন, তিনি অন্যান্য দলের সঙ্গে মিলে কাজ করবেন, কিন্তু স্বতন্ত্রভাবে লেবার (শ্রমিক) আদর্শ ও লক্ষ্যের ভিত্তিতে চলবেন। তিনি বলেন, তার দল পরিবেশবাদীদের (সবুজ দল) চেয়েও বেশি পরিবেশবাদী হওয়া বা সংস্কারপন্থিদের চেয়ে বেশি সংস্কারপন্থি হওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে চললেও লেবার পার্টি অন্য দলের অনুকরণ করবে না।
৪. গোটা যুক্তরাজ্যের নেতা হওয়া: কেবল নির্দিষ্ট কোনও অঞ্চলের নয়, বরং গোটা যুক্তরাজ্যের নেতা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নাম।
৫. ক্ষমতার বিকেন্দ্রীকরণ: ওয়েস্টমিনিস্টার থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়ে বার্নাম বলেন, তিনি স্থানীয় পর্যায়ে ক্ষমতা ফিরিয়ে দিতে চান, যাতে যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নয়নের সুফল পায়।