ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার জেরে এই নতুন উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হচ্ছে।ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যাহত অবরোধকে কেন্দ্র করেই মূলত এই সংঘাতের সূত্রপাত। সারি অভিযোগ করেন, ওই বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী এবং এটি তাদের কাছে অগ্রহণযোগ্য। এই অবরোধের জবাব দিতেই তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের মতে, বিমানবন্দরে চলা অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে।হুথিরা হুমকি দিয়ে বলেছে, প্রতিটি উত্তেজনার জবাব এখন থেকে আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সৌদি আরবের যেকোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছে, সবাইকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সহায়তা করতে হবে। আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে এই ঘোষণা নতুন করে উত্তাপ ছড়াচ্ছে এবং সংঘাত আরও ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।