ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে বলে কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানিয়েছেন।মৃত শিশুরা হল- আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) ও প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।


স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন বলেন, “বেলা ১২টার দিকে ফাহিম, সুরাইয়া ও জাকিরুল গুচ্ছগ্রামের একটি পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা পুকুরে নেমে গোসল ও পানিতে ঝাঁপাঝাপি শুরু করে। সাঁতার না জানায় একসময় তিন শিশুই পানিতে ডুবে যায়।


“প্রায় এক ঘণ্টা পর পুকুরে জাকিরুলের চুল ভেসে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।”


স্থানীয় বাসিন্দারা জানান, ফাহিম ও সুরাইয়ার বাবা-মা কাজের জন্য দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। দুই ভাই-বোন গুচ্ছগ্রামে তাদের নানির সঙ্গে থাকত। ঘটনার সময় নানি রান্নার কাজে ব্যস্ত থাকায় তারা সুযোগ পেয়ে অপর এক শিশুর সঙ্গে পুকুরে নেমে পড়ে।


এসআই ব্রজেন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন তিন শিশুর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ads
ads
ads

Our Facebook Page