ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে ১ লাখ ডলারের সহায়তা দিল চীন

বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা দিয়েছে চীন। রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণ যখনই কোনো দুর্যোগ বা সংকটে পড়েছে, তখনই চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে মানবিক, আর্থিক ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে চীন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চীনের এই সহযোগিতা দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার প্রতিফলন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও জোরদার করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, নদী ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে দুই দেশ যৌথভাবে কাজ করলে ভবিষ্যতে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রযুক্তি, অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম চীনের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে চীনের এই উদ্যোগ বাংলাদেশ-চীন মানবিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রাপ্ত এই অর্থ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

ads
ads
ads

Our Facebook Page