ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফিরলেন রুমানা মালিক মুনমুন

 দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপনার জগতে ফিরলেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন। কয়েক বছর আগে কানাডায় স্থায়ী হওয়ার পর শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরে নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর মাধ্যমে আবারও সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে তাকে।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মুনমুন। অভিনেত্রী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে। পরে নাটকে অভিনয় করলেও উপস্থাপক হিসেবেই তিনি দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন আলাদা এক দর্শকপ্রিয় পরিচিতি।

সম্প্রতি এক পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, গবেষণাভিত্তিক ও অর্থবহ কোনো অনুষ্ঠান পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান। শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, বরং এমন কাজ করতে চান যা দীর্ঘদিন দর্শকের মনে জায়গা করে নেবে। সেই প্রত্যাশার বাস্তব রূপই নতুন আয়োজন ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’

অনুষ্ঠানটিতে অভিনয়, সংগীত, শিল্প, সাহিত্য, স্থাপত্যসহ বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের জীবন, সংগ্রাম, সাফল্য ও অভিজ্ঞতার গল্প তুলে ধরা হচ্ছে। প্রথম পর্বের অতিথি ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে অতিথি হিসেবে থাকছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক নাসরীন জাহান এবং স্থপতি রফিক আজমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন সাজ্জাদ হুসাইন, যিনি এক যুগেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয় টক শো ‘আমার আমি’ পরিচালনা করেছেন।

মুনমুনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সাজ্জাদ হুসাইন বলেন, “প্রথমে কয়েকজন উপস্থাপকের কথা ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে, এই অনুষ্ঠানের জন্য মুনমুনই সবচেয়ে উপযুক্ত। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে সে আমার ভাবনাটা খুব সহজেই বুঝতে পেরেছে। শুটিংয়ের সময়ও মনে হয়েছে যেন ‘আমার আমি’-এর নতুন কিছু পর্ব নির্মাণ করছি।”

নতুন অনুষ্ঠান সম্পর্কে সাজ্জাদ হুসাইন বলেন, “বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের গুণী মানুষদের জীবন ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই আমাদের লক্ষ্য। প্রযোজনা প্রতিষ্ঠান কাহিনি স্টুডিওস এমন একটি অনুষ্ঠান চেয়েছিল, যা ভবিষ্যতে আর্কাইভ হিসেবে মূল্যবান হয়ে থাকবে এবং দর্শকদের অনুপ্রেরণা জোগাবে। সেই ভাবনা থেকেই ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ তৈরি করা হয়েছে।”

গত ৫ থেকে ৮ জুলাই অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রচারিত হচ্ছে ১৩ পর্বের এই অনুষ্ঠান। প্রতি সপ্তাহে প্রকাশ করা হবে একটি করে নতুন পর্ব। নতুন এই আয়োজনে রুমানা মালিক মুনমুনের প্রত্যাবর্তন দর্শক ও শোবিজ অঙ্গনে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।

ads
ads
ads

Our Facebook Page