ঢাকা, শনিবার, ১ আগস্ট, ২০২৬

শাবনূরের রহস্যময় বার্তা, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন তিনি। নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা অনুভূতি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

গত ৩১ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং রঙিন ফুলের মনোরম সাজে তোলা ছবিগুলো মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও শেয়ার করেন তিনি। শাবনূর লেখেন, “বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”

তার এই পোস্টে অসংখ্য ভক্ত অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন এবং মন্তব্যের ঘরে ভালোবাসা ও সমর্থনের বার্তা জানান। কেউ লিখেছেন, “তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার তারার মাঝে একটি চাঁদ, আর হাজার নায়িকার মাঝে একটাই নাম—শাবনূর।” আবার একজন ভক্ত মন্তব্য করেন, “দূর কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।”

প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে সিনেমার কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে এখনও তাকে দেখা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page