ঢাকা, শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক তিনটি ক্যালেন্ডার তৈরি করতে হবে : প্রধান মন্ত্রীর উপদেষ্টা

জাতি গঠনে শিশু, কিশোর ও যুবকদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।


এ জন্য তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী জানুয়ারি মাস থেকে বার্ষিক শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ে পৃথক তিনটি ক্যালেন্ডার তৈরির নির্দেশনা প্রদান করেন।


তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি ও খেলাধুলার অঙ্গন ধ্বংস করে গেছে। আমরা তা পুনর্গঠন করার চেষ্টা করছি। এর জন্য শিশুদের পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধুলা ও সুস্থ্য সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সে অনুযায়ী কাজ করছি।


উপদেষ্টা শুক্রবার (৭ আগষ্ট)  দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


এ সময় রাশেদ আল মাহমুদ তিতুমীর আরো বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে শিক্ষা কার্যক্রম শুরুর সময় অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় তিনটি বার্ষিক ক্যালেন্ডার করার উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে থাকবে বার্ষিক শিক্ষা কর্মসূচি, বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া কর্মসূচি।


তিনি বলেন, এর মাধ্যমে শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে। আমরা শুধুমাত্র অন্য দেশের সাফল্য দেখে আর উচ্ছ্বসিত হতে চাই না। নিজেরা সাফল্যের শিখরে উঠতে চাই।


অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা দেশে সুস্হ্য সংস্কৃতির বিকাশে ব্যাপক কর্মসূচি গ্রহন করছি। সকল অপ সংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গোয়ালন্দের উন্নয়নে তিনি দ্রুত সকল অংশীজনদের সাথে বসে কর্ম পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করবেন বলে জানান। এ সময় তিনি অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, রাজবাড়ীতে পদ্মা ব্যারাজের পাশাপাশি দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মান করতে হবে।


জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ , সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম তুলে দেয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page