ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যুক্ত হচ্ছে অজুর স্থান

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারের পাশে অজুর জন্য পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ ডলার, যা ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।


প্রকল্পের নথিতে বলা হয়, মূলত শৌচাগারের সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যাওয়া এবং বেসিনের ক্ষতি এড়াতেই নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অজুর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম। তবে ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে অজুর এই ব্যবস্থাপনা একেবারে নতুন নয়।


\বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।
ইসলামে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম অজু। নামাজের আগে অজু করা একটি গুরুত্বপূর্ণ বিধান। অজুর সময় শরীরের নির্দিষ্ট অংশ পানি দিয়ে ধুতে হয়। সাধারণ রেস্টরুমের তুলনামূলক উঁচু সিঙ্কে পা ধোয়া অনেকের জন্য অসুবিধাজনক হওয়ায় বিশেষভাবে তৈরি নিচু অজু স্টেশন ব্যবহার করা হয়।

ads
ads
ads

Our Facebook Page