ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অজয় দেবগন। এবার তাঁর সেই অভিজ্ঞতা কাজে লাগছে নতুন সিনেমা ‘রেঞ্জার’-এ। ছবিটির মূল পরিচালক জগন শক্তি হলেও ক্লাইমেক্সের গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য নতুন করে নির্মাণের সময় পরিচালনার দায়িত্ব নিয়েছেন অজয়।
সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, জগন শক্তি আগে অজয় দেবগন ও সঞ্জয় দত্তকে নিয়ে সিনেমাটির ক্লাইমেক্সের একটি অ্যাকশন ব্লক শুট করেছিলেন। পরে দৃশ্যটি পর্যালোচনা করে তাঁর মনে হয়, আরও বড় পরিসর ও জাঁকজমকপূর্ণভাবে উপস্থাপন করা হলে এটি দর্শকদের জন্য বেশি আকর্ষণীয় হবে। এরপরই অজয়ের দীর্ঘদিনের অ্যাকশন অভিজ্ঞতার কথা বিবেচনা করে তাঁকে নতুন করে দৃশ্যটি পরিচালনার অনুরোধ জানান নির্মাতা।
গত সপ্তাহ থেকে মুম্বাইয়ের ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ক্লাইমেক্সের রিশুট শুরু হয়েছে। অ্যাকশন ডিরেক্টর কেভিন কুমারের সঙ্গে সমন্বয় করে অজয় দৃশ্যটির শুটিং পরিচালনা করছেন। সিনেমার জন্য স্টুডিওতে বিশাল জঙ্গলের সেটও তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
বন্য প্রাণী সংরক্ষণ ও বাঘ রক্ষার লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রেঞ্জার’। এতে অজয় দেবগনকে দেখা যাবে একজন বন কর্মকর্তার চরিত্রে। দুর্বল দল, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং বাঘ শিকারিদের বিরুদ্ধে লড়াই করে বন্যপ্রাণী রক্ষার চেষ্টা করবেন তাঁর চরিত্র।
অন্যদিকে সঞ্জয় দত্ত অভিনয় করছেন ভয়ংকর এক চোরা শিকারি চক্রের প্রধানের ভূমিকায়। নতুন করে নির্মিত ক্লাইমেক্সে অজয়ের নেতৃত্বাধীন বন কর্মকর্তাদের সঙ্গে সঞ্জয় দত্তের শিকারি দলের তীব্র সংঘর্ষ দেখা যাবে। এতে গাড়ি ধাওয়া, বন্দুকযুদ্ধ এবং হাতাহাতির মতো বড় পরিসরের অ্যাকশন থাকছে।
এর আগে কাজল অভিনীত ‘মা’ সিনেমার সময়ও গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্য নতুন করে শুট করেছিলেন অজয়। ফলে অ্যাকশন দৃশ্য নির্মাণে তাঁর অভিজ্ঞতা ‘রেঞ্জার’-এর ক্লাইমেক্সকে আরও শক্তিশালী করতে কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিচালনায় অজয়ের অভিজ্ঞতাও নতুন নয়। এর আগে ‘ইউ, মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ এবং ‘ভোলা’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগছে ‘রেঞ্জার’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশন অংশে।
ক্লাইমেক্সের কাজ শেষ হওয়ার পর অজয় দেবগন ও তামান্না ভাটিয়ার একটি বিশেষ গানের দৃশ্য ধারণ করার পরিকল্পনা রয়েছে। এরপরই সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা। ‘রেঞ্জার’ চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।