ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জীবন অপেরা নিয়ে আশাবাদী মিম, চান মনে রাখার মতো সিনেমা

দেড় যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয়ের নানা মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

এরপর নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও গত কয়েক বছর ধরে ছোট পর্দায় খুব একটা দেখা যায় না মিমকে। বর্তমানে সিনেমা, ওটিটি ও মডেলিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সাম্প্রতিক সময়ে নতুন সিনেমা ‘জীবন অপেরা’ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং ও ডাবিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অপেক্ষা মুক্তির। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন মিম।

‘জীবন অপেরা’ প্রসঙ্গে মিম বলেন, ‘আশা করছি, এই বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালকই সবকিছু চূড়ান্ত করবেন। এটুকু বলতে পারি, জীবন অপেরা ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত মিম। তবে চরিত্র ও গল্পের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। তার ভাষায়, মুক্তির সময় দর্শকরাই সিনেমাটির বিশেষত্ব জানতে পারবেন।

‘জীবন অপেরা’ সিনেমায় মিমের সঙ্গে অভিনয় করেছেন শরীফুল রাজ। এর আগে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় এই জুটির অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমাতেও তাদের পুনর্মিলন নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে।

সিনেমাটি নির্মিত হচ্ছে আলভী আহমেদের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। গল্পের কেন্দ্রে রয়েছে রফিক নামের এক ব্যক্তি, যার জীবনে দুটি ভিন্ন বাস্তবতার উপস্থিতি তৈরি হয়। রফিক ও শারমিনের সম্পর্ককে ঘিরে এগিয়ে যায় গল্প। উপন্যাসটি ২০২১ সালে প্রকাশিত হয়েছিল।

‘জীবন অপেরা’ নিজের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন মিম। তার মতে, পরিচালক আলভী আহমেদ অত্যন্ত যত্ন ও ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। গোছানো একটি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তার কাছে ভালো লেগেছে।

এদিকে নতুন সিনেমার প্রস্তাবও পাচ্ছেন মিম। একাধিক স্ক্রিপ্ট হাতে থাকলেও গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল নতুন কাজে যুক্ত হতে চান তিনি। তার লক্ষ্য এমন সিনেমায় অভিনয় করা, যেগুলো দর্শক দীর্ঘদিন মনে রাখবেন এবং তার অভিনয়ও আলাদাভাবে স্মরণ করবেন।

ওটিটিতেও বেছে বেছে কাজ করতে চান এই অভিনেত্রী। সর্বশেষ ‘লাইফলাইন’ দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। গল্প ও চরিত্রের বৈচিত্র্যই সেখানে তাকে আকৃষ্ট করেছিল। ভবিষ্যতেও ওটিটিতে এমন ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী চরিত্রে কাজ করার আগ্রহ রয়েছে তার।

নাটক থেকে দূরে থাকার বিষয়ে মিম জানান, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। আপাতত সিনেমা ও ওটিটিতেই মনোযোগ দিতে চান তিনি। তবে ভবিষ্যতে নাটকে আর অভিনয় করবেন না এমন সিদ্ধান্তও নেননি।

অভিনয়ের পাশাপাশি ভ্রমণ ও লেখালেখিতেও আগ্রহ রয়েছে মিমের। অবসর পেলেই দেশ-বিদেশে ঘুরতে পছন্দ করেন তিনি। কয়েক বছর আগে একাধিক উপন্যাস প্রকাশ করলেও বর্তমানে নতুন করে বড় কোনো গল্প বা উপন্যাস লেখার কাজ করছেন না। তবে নিজের ছোট ছোট অনুভূতি ডায়েরির মতো করে লিখে রাখছেন বলে জানিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে দর্শকের ভালোবাসা ও প্রশংসা পাওয়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের বাইরেও কাজ করেছেন তিনি। এখন তার লক্ষ্য আরও কিছু ভিন্নধর্মী ও মানসম্মত সিনেমার অংশ হওয়া। ‘জীবন অপেরা’ সেই যাত্রায় নতুন সংযোজন হয়ে দর্শকের মনে কতটা জায়গা করে নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ads
ads
ads

Our Facebook Page