ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার কোনো চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে বর্তমান সরকারকে কাজ করার জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মাত্র ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধান করা সম্ভব নয়।


শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে সেটি চলাচলের জন্য উন্মুক্ত করার অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক। আবদুস সালাম বলেন, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার উদ্দেশ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে জামায়াতের ভূমিকা নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, তা নিয়েও সজাগ থাকার আহ্বান জানান তিনি।


বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়কাল তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। দীর্ঘদিনের বিদ্যুৎ ও গ্যাস সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারকে কিছুটা সময় দিতে হবে।


তিনি বলেন, একটি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে সময়ের প্রয়োজন হয়। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস না পেরোতেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর ফলে সরকার যাতে দেশের জন্য কাজ করতে না পারে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে সরকার পরিবর্তনের বিষয়েও বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।


বিএনপির ভবিষ্যৎ ভূমিকা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, আগামী পাঁচ বছরে বিএনপি দেশে সুশাসন, গণতন্ত্র এবং জনগণের অধিকার ফিরিয়ে দেবে। গণতন্ত্র রক্ষায় দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।


এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি। দীর্ঘদিনের ব্যবহারে ব্রিজের বিভিন্ন অংশে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়।


পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্রিজটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেয়। সংস্কারকাজ শেষে শুক্রবার ব্রিজটি আবারও চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ডিএসসিসি জানিয়েছে, ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। ব্রিজটিতে আপাতত যানবাহন চলাচলের সুযোগ না থাকলেও স্থানীয় বাসিন্দারা এখন থেকে নিরাপদে পায়ে হেঁটে এটি পার হতে পারবেন।

ads
ads
ads

Our Facebook Page