ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজার ৩৫৭ কোটি টাকা বেশি। ওই বছর মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।


রোববার(৩০ আগস্ট)বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।জানা গেছে, মুনাফার পুরো টাকা সরকারকে দেয় বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে।


আজ কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। এর ফলে সব কর্মী মূল বেতনের ছয় গুণ বোনাস পাবেন। এর আগের বছরেও সমপরিমাণ বোনাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের।


জানা যায়, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। ফলে বেশি সুদ আয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।


ব্যাংক কর্মকর্তারা বলছেন, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংক কম মুনাফা করে। আর অর্থনীতিতে মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোরও পরিস্থিতি একই রকম।


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।

ads
ads
ads

Our Facebook Page