ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনের উৎসবে জয়ার সিনেমা

আন্তর্জাতিক চলচ্চিত্র ও ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি সুখবর বয়ে এনেছেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত কাব্যিক ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ (Hues of Longing) যুক্তরাজ্যের ১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ নির্বাচিত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ভিউ ওয়েস্ট এন্ডে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।

ছবিটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি। মাত্র ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই ফ্যাশন ফিল্মে ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি এবং অপেক্ষার আবেগকে ভিন্নধর্মী ভিজ্যুয়াল ভাষায় তুলে ধরা হয়েছে।

ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’। ছবিটির গল্পে অনুপস্থিত ভালোবাসাকে ঘিরে একজন নারীর অপেক্ষা, স্মৃতি ও আবেগের অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠেছে।

ছবিটির পুরো শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে, দুই নির্মাতার নিজ শহরে। হুগলি নদীর তীরে অবস্থিত একটি পুরোনো ঔপনিবেশিক আমলের বাড়িতে ধারণ করা হয়েছে পুরো চলচ্চিত্রটি। বাড়িটির পুরোনো দেয়াল, বারান্দা এবং আলো-ছায়ার আবহ ছবিটির অপেক্ষা ও বিরহের অনুভূতিকে আরও গভীর করেছে।

‘হিউজ অব লংগিং’-এ জয়া আহসানের উপস্থিতি গল্প বলার অন্যতম প্রধান শক্তি। ছবিটির জন্য তার স্টাইলিং করেছেন ঋষভ। নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্যাশন ও চলচ্চিত্রের নান্দনিকতার সমন্বয়ে নির্মিত এই কাজটি মূলত নীরবতা, আকাঙ্ক্ষা ও ভালোবাসার স্থায়ী অনুভূতিকে কেন্দ্র করে তৈরি।

ছবিটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। তার ভাষ্য, নির্মাতারা পরীক্ষামূলক এই কাজের প্রস্তাব দেওয়ার পর তিনি এতে যুক্ত হন। পুরোনো বাড়ি, নদীর পাড় এবং গল্পের আবহ তাকে চরিত্রটি ধারণের জন্য বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে। আন্তর্জাতিক ফ্যাশন ফিল্ম উৎসবে ছবিটি নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত বলেও জানান।

লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল গত ১২ বছর ধরে ফ্যাশন ও চলচ্চিত্রের সংযোগস্থলে নির্মিত কাজকে তুলে ধরছে। এবারের আয়োজনে ‘হিউজ অব লংগিং’-এর নির্বাচন জয়া আহসানের আন্তর্জাতিক কাজের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকছে।

তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে উৎসবে জয়া আহসানের সরাসরি উপস্থিত থাকার সম্ভাবনা নেই। তার অভিনীত এই ফ্যাশন ফিল্মটি ২৩ সেপ্টেম্বর লন্ডনে দর্শকদের সামনে প্রদর্শিত হবে।

ads
ads
ads

Our Facebook Page