ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল

রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর লক্ষ্য নিয়ে রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। এরপর প্রায় ১৫ দিনের অভিযানে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের চেষ্টা করবেন।


অভিযান উপলক্ষে ১১ সেপ্টেম্বর ঢাকার রাশিয়ান হাউসে সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অভিযানের সময় পতাকাটি সঙ্গে নিয়ে যাবেন তিনি এবং চূড়ায় পৌঁছাতে পারলে সেখানে তা উত্তোলন করবেন।


ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার বা ১৮ হাজার ৫১০ ফুট। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত।


অভিযান সম্পর্কে ইকরামুল হাসান শাকিল বলেন, প্রতিটি পর্বতারোহণই তার কাছে নতুন চ্যালেঞ্জ। এলব্রুসের উচ্চতা নিয়ে তিনি খুব বেশি চিন্তিত না হলেও পর্বতটির প্রকৃতি ও আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি।


শাকিলের এই অভিযানকে শুধু পর্বতারোহণের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না আয়োজকেরা। তাদের মতে, ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ দুই দেশের মানুষের বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির একটি প্রতীকী উদ্যোগ। একই সঙ্গে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা তুলে ধরার মাধ্যমে দেশের পর্বতারোহণের সক্ষমতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।


রাশিয়ান হাউসের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও দুই দেশের মানুষের বন্ধুত্ব ও সম্প্রীতি গভীর। শাকিল বাংলাদেশের পতাকা নিয়ে রাশিয়ায় যাচ্ছেন এবং তিনি সফলভাবে অভিযান শেষ করে সুস্থভাবে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।


ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের পরিচিত পর্বতারোহীদের একজন। তিনি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (BMTC) সঙ্গে যুক্ত। এর আগে তিনি এভারেস্টসহ বিভিন্ন পর্বত অভিযানে অংশ নিয়েছেন। ২০২৫ সালে কক্সবাজারের ইনানী থেকে পায়ে হেঁটে এভারেস্ট অভিযানের ‘সি টু সামিট’ প্রকল্পেও অংশ নেন তিনি।


মাউন্ট এলব্রুস অভিযানটি যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। আয়োজকদের আশা, এই অভিযান তরুণদের মধ্যে পর্বতারোহণ, অ্যাডভেঞ্চার, প্রকৃতি অনুসন্ধান ও নতুন কিছু আবিষ্কারের আগ্রহ আরও বাড়াবে।


বাংলাদেশের পতাকা নিয়ে ইকরামুল হাসান শাকিলের এই অভিযান সফল হলে মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের উপস্থিতি আরও একবার আন্তর্জাতিক পর্বতারোহণের মানচিত্রে দেশের নামকে উজ্জ্বল করবে।

ads
ads
ads

Our Facebook Page