ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা

বাব আল-মান্দেব প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও সৌদি আরবের জাহাজকে এই জলপথ অতিক্রম করতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি। তার দাবি, সৌদির জাহাজ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক জাহাজের চলাচলে তারা বাধা দিচ্ছেন না।


হুতির মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরব ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলেই কেবল সৌদি জাহাজকে বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনটিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা না থাকলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর এ নিষেধাজ্ঞার বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে সৌদি আরবের জন্য বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


আল জাজিরার তথ্য অনুযায়ী, এ পরিস্থিতির মধ্যেই সৌদি আরব মোখা শহরে হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল শহরটির হুতির নিয়ন্ত্রণাধীন বিমানবন্দর।


লোহিত সাগরের পশ্চিম উপকূলীয় অঞ্চলের ওপর হুতি গোষ্ঠীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিষ ও মায়ুন দ্বীপপুঞ্জও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বাব আল-মান্দেব প্রণালির উত্তরে অবস্থিত এসব দ্বীপকে ব্যবহার করে জলপথে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপনের মতো কার্যক্রম চালাতে পারে গোষ্ঠীটি। এর ফলে বাব আল-মান্দেব দিয়ে পরিচালিত আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ-চলাচলের ওপর তাদের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ রয়েছে।


এমন পরিস্থিতিতে হুতির পক্ষ থেকে সৌদি জাহাজকে আরব সাগরের কাছাকাছি এলাকা দিয়েও চলাচল না করার নির্দেশ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব নির্দেশনা অমান্য করে সৌদি জাহাজ চলাচল করলে হামলার আশঙ্কা রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে হুতির হাতে থাকা অত্যাধুনিক ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হচ্ছে, যেগুলো ভারত মহাসাগর পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page