ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির

গণতন্ত্রকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করতে হবে।রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাই গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি। তাই জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে আগের সরকারের সময়ে তৈরি হওয়া দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা পদমর্যাদা বাড়ানোসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। উত্থাপিত সমস্যাগুলো সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘ সময়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।


এ সময় জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে গতি বাড়ানো, স্থানীয় পর্যায়ে নাগরিকদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন রাষ্ট্রপতি।


ads
ads
ads

Our Facebook Page