দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি কমিশনের কাছে ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।
সোমবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।
গত ৩০ আগস্ট সাবেক এই সেনাপ্রধানকে তলব করে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত চিঠি দেন। চিঠিতে তাঁকে সোমবার দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তলবি নোটিশে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য শোনা এবং তা রেকর্ড করা ‘অপরিহার্য’।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল কাজ করছে। গত বছরের ১৪ ডিসেম্বর থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।