ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় মো. ফরহাদ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত ফরহাদ রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। দুপুর তিনটার দিকে বসিলা সেতু-সংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে ফরহাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফরহাদের বন্ধু সাকিবের ভাষ্য, দুপুরে চুল কাটাতে ওই সেলুনে গিয়েছিলেন ফরহাদ। এ সময় পূর্বশত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান। হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় থাকতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি একজন। চার বছর আগে তার বিয়ে হয়। তার কোনো সন্তান নেই।


মোহাম্মদপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় ‘আরমান শাহরুখ গ্রুপ’ ও ‘পাটালি গ্রুপের’ মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপের লোকজন শাহরুখকে কুপিয়ে আহত করেন বলে পুলিশ জানিয়েছে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে শাহরুখকে র‍্যাব গ্রেপ্তার করে।



পুলিশ সূত্র আরও জানায়, নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page